6/recent/ticker-posts

বাগবাজার গৌড়ীয় মিশনে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথি থেকে বাগবাজারের গৌড়ীয় মিশনে শুরু হল শ্রীকৃষ্ণের ‘চন্দনযাত্রা’ মহোৎসব। আগামী ১০ মে পর্যন্ত টানা ২১ দিন ধরে চলবে এই বিশেষ ধর্মীয় আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আচার-অনুষ্ঠান, যা ভক্তদের মধ্যে গভীর উৎসাহ ও ভক্তিভাবের সঞ্চার করছে।
মিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শ্রীবিগ্রহে চন্দন লেপন, সুগন্ধি পুষ্পার্চনা, আরতি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের মূল পর্ব সম্পন্ন হচ্ছে। পাশাপাশি শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। ভক্তদের উপস্থিতিতে মন্দির চত্বরে সৃষ্টি হয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।
গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, “চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা। এই সময় ভগবানকে চন্দন অর্পণের মাধ্যমে ভক্তরা তাঁর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”
উৎসব উপলক্ষে বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত বাগবাজারে ভিড় জমাচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে সকলকে এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Post a Comment

0 Comments