6/recent/ticker-posts

সুরের মূর্ছনায় স্মৃতির কোলাজ: মুক্তি পেল শ্রীমাল্য সেনের নতুন অ্যালবাম ‘ইয়াদোঁ কা মেলা’*

#প্রিয়চিত্রসাথী নিউজ💐
​নিজস্ব সংবাদদাতা: মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্মৃতি। কোনো স্মৃতি যেমন মধুর আনন্দ দেয়, তেমনই কোনো স্মৃতি আবার অলক্ষ্যে চোখের কোণ ভিজিয়ে দেয়। সেই অমলিন অনুভূতিগুলোকেই বাস্তবের ফ্রেমে বন্দি করতে শিল্পী শ্রীমাল্য সেন নিয়ে এলেন তাঁর নতুন মিউজিক অ্যালবাম ‘ইয়াদোঁ কা মেলা’। এই অ্যালবামে থাকা মোট ৬টি গান শ্রোতাদের জীবনের কোনো না কোনো হারিয়ে যাওয়া অধ্যায় বা স্মৃতির পাতাকে নতুন করে কল্পনায় ফিরিয়ে আনবে।

​কলকাতার এক সমৃদ্ধ পারিবারিক সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা শ্রীমাল্য সেন ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল অনুরাগী ছিলেন। বর্তমানে তিনি পেশাগত কারণে উত্তরবঙ্গের বাসিন্দা এবং সেখানে ডুয়ার্সের পর্যটন শিল্প ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রেখে চলেছেন। তবে কর্মব্যস্ততার মাঝেও তিনি তাঁর আজন্মের সংগীতচর্চাকে ভুলে যাননি।

ইতিপূর্বেই ইউটিউবে তাঁর একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং অনুগামীদের সেই ভালোবাসার অনুরোধেই দোলের পুণ্য বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁর এই নতুন অ্যালবামটি প্রকাশিত হলো।
​সম্পূর্ণ অ্যালবামটির চিত্রধারণ করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন মনোরম লোকেশনে। ইমোশান পিকচার্সের কারিগরি সহযোগিতায় এবং অনিরুদ্ধ পোদ্দারের পরিচালনায় এই মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। পুরো প্রজেক্টটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রীতম রঞ্জন দে। কাজটির সফলতা প্রসঙ্গে সহকারী পরিচালক রুমা মণ্ডল জানান যে, টিমের প্রত্যেকের কাছে গানগুলো এতটাই প্রিয় হয়ে উঠেছিল যে সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। অ্যালবামটি নিয়ে উচ্ছ্বসিত শিল্পী শ্রীমাল্য সেন জানান, গানই তাঁর প্রকৃত ভালোবাসার মাধ্যম এবং সুরের সূত্র ধরেই তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান।

Post a Comment

0 Comments